আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে বুধবার এসএসসি পরীক্ষা কেন্দ্র রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয়, নাজিমখান স্কুল অ্যান্ড কলেজ ও দাখিল পরীক্ষা কেন্দ্র রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান। এ বিষয়ে তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে আগে ছোট-খাটো সমস্যা ছিল। সিসি ক্যামেরা স্থাপনের ফলে সেগুলো ঘটবে না বলে আমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নুর মোঃ আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হবিবুর রহমান হবি প্রমুখ।