রাবিতে আহত সজীবের শারীরিক অবস্থার অবনতি ঢাকায় স্থানান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ে গুরুতর আহত শওকত ওমর সজীবের শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে গত বুধবার সন্ধ্যায়। সজীবের বন্ধু আশিক মাহমুদ জানান, সজীবের শারীরিক অবস্থা ভালো নয়। তার কোমরের হাড়, পা ও একটি হাত ভেঙে গেছে। গত দুইদিন ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিত্সক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। তার দ্রুত অস্ত্রোপচার করতে হবে বলে জানান তিনি।

সজিবের সম্পর্কে আশিক বলেন, পারিবারিক দিক দিয়ে খুব সচ্ছল নয় তারা। তার বাবা দেশের বাইরে থাকেন। সজীবের চিকিত্সার জন্য প্রয়োজনীয় অর্থ তার পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, আমি সজীবকে দেখতে গিয়েছিলাম। ওর দ্রুত উন্নত চিকিত্সার প্রয়োজন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাবির প্রকৌশল দপ্তর ঘোষিত ঝুঁকিপূর্ণ ১৯ ভবনের অন্যতম রবীন্দ্র ভবনের ছাদ ধসে বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শওকত ওমর সজীব নামে ওই শিক্ষার্থী আহত হন।