ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য সরবরাহে কাজ করতে চাই -------------------------খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এখন আমাদের চ্যালেঞ্জ ভেজালমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহ করা। ভেজালমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহের এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। সেইসাথে খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকেও অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহে মানের ব্যাপারে কখনই আপোষ করা হবে না। বৃহস্পতিবার মহাদেবপুর সরকারি খাদ্য গুদাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় চালের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় যানবাহন বন্ধ থাকায় চালের দাম কেজিতে দুই এক টাকা বেড়েছিল। আমি খাদ্যমন্ত্রী হওয়ার পর বিষয়টি তদারকির মাধ্যমে চালের দাম স্বাভাবিক করেছি। খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন। মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিমউদ্দিন তরফদার সেলিম এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ধলু প্রমুখ।