নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯ শতাধিক দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
তবে মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা বুলডোজার লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়েন। অন্যদিকে তাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছুড়েছে পুলিশ।
এর আগে গতকাল ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছিলেন, এসব দোকান মার্কেটের নকশাবহির্ভূত স্থানে স্থাপন করা হয়েছে। লিফট, সিঁড়ি, টয়লেট ইত্যাদির জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করা হয়েছে। এরূপ ৯১১টি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর মাইকিং করে দোকানিদের গতকাল সোমবারের মধ্যে দোকান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন দোকান মালিকরা। তাদের দাবি, স্বল্প সময়ের এই নোটিশে বিভ্রান্তিতে পড়েছেন তারা। অভিযানের আগে মাল গোছানোর জন্য আরো সময় দেওয়ার দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।
ইত্তেফাক/জেডএইচডি