জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননাকারীদের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ভাস্কর্য, ম্যুরাল ও স্ট্যাচুর পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের প্রচারণা চালাতে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ও বায়তুল মোকাররমের খতিবের প্রতি নির্দেশনা দিয়েছে আদালত। নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকারম মসজিদের খতিবকে তাদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে। এছাড়া আদালত তার রুলে, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী ভাংচুরকারী ও উস্কানীদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিবাদীদের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।
এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন শুনানি করেন।
ইত্তেফাক/কেকে