আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় উত্সব’ উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে অত্র এলাকার চারপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তাই এদিন সকাল থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত চলাচলের ক্ষেত্রে কিছু বিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে ডিএমপি। গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ অতিথিদের গমনাগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন-বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন অনুসরণ করবে। এছাড়া, গাবতলী, মিরপুর রোড হয়ে আগত ব্যক্তিরা সায়েন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন।
উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী, মগবাজার, কাকরাইল চার্চ, রাজমনি ক্রসিং, নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার, বাড্ডা, গুলশান, রামপুরা রোড, মৌচাক ফ্লাইওভার, মালিবাগ, শান্তিনগর, রাজমনি ক্রসিং, নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড়/জিরো পয়েন্ট হয়ে আগতরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন। উত্তরা/ এয়ারপোর্ট থেকে আগত গাড়িগুলোর পার্ক স্থান মতিঝিল/গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্ক করা হতে পারে।
পূর্বাঞ্চল থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা ব্যক্তিরা গুলিস্তানে নেমে হেঁটে জিরো পয়েন্ট- দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসসমূহ মতিঝিল/ গুলিস্তান এলাকায় পার্কিং করবে। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবেন, তারা চাঁনখারপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্ক করবে।
বাবুবাজার ব্রিজ হয়ে আগতরা গোলাপশাহ্ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। এজন্য সর্বসাধারণকে অনুষ্ঠানস্থল এবং এর আশ-পাশের এলাকা দিয়ে ভারী-হালকা যানবাহনসহ গমনাগমন পরিহার করার অনুরোধ জানানো হয় ডিএমপির তরফ থেকে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে আগতদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করা এবং কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।