ঘটনাবহুল এক ম্যাচ। কী হয়নি এতে? দুটো সেঞ্চুরি হয়েছে, রান উৎসবের একটা হ্যাটট্রিকও দেখে ফেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, সঙ্গে চার-ছক্কা বৃষ্টি তো আছেই! ঘটনা হলো ম্যাচে পারভেজ হোসেন ইমনের অনবদ্য সেঞ্চুরি বরিশালকে দিয়েছে ৮ উইকেটের দারুণ এক জয়।
গতকাল মঙ্গলবার দুপুরে টসে হেরে প্রথমে ব্যাট করা রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর আনিসুলের উদ্বোধনী জুটিতে ভর করে পায় বড় স্কোরের ভিত। টুর্নামেন্ট সেরা ১৩১ রানের জুটির পর আনিসুল আউট হলেও শান্ত তার রুদ্রমূর্তি ধরে রেখে তুলে নেন টুর্নামেন্টের প্রথম আর নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে রাজশাহী ইনিংসের শেষদিকেই ‘মোমেন্টাম’ ঘুরে আসে বরিশালের দিকে, কামরুল ইসলামের হ্যাটট্রিকে। শুরুর তিন ওভারে ৩৯ রান দেন তিনি শেষ ওভারেও ছিলেন খরুচে, দিয়েছেন ১০ রান; তবে ওই ওভারে হ্যাটট্রিকসহ তার চার উইকেট শিকার আবারও লড়াকু মানসিকতায় ফেরায় বরিশালকে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নামা বরিশালের উদ্বোধনী জুটিটা যেমন দরকার ছিল, হয়েছে ঠিক তেমনই। সাইফ হাসান ঝড়ো শুরুর পর ফেরেন ১৫ বলে ২৭ করে। সাইফ যেখানে রেখে গিয়েছিলেন দলকে, ইমন ঠিক সেখান থেকেই হাল ধরলেন। অধিনায়ক তামিমকে সঙ্গে নিয়ে গড়েছেন ১১৭ রানের জুটি। ৫৩ করে রানআউট হয়ে যখন ফিরছেন তামিম, জয়ের বন্দর তখন বরিশালের দৃষ্টিসীমায়।
আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নেই ইমন সেরে ফেলেন বাকি রান তাড়াটা। ম্যাচের শেষ বলে পেয়েছেন প্রাপ্য সেঞ্চুরিটাও, ৯ চার আর ৭ ছক্কায় ঠিক ১০০ নিয়েই ছেড়েছেন মাঠ। বরিশালও পায় ৮ উইকেটের অবিশ্বাস্য এক জয়। এর ফলে ছয় ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকাও নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।
ইত্তেফাক/ইউবি