আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেছে রাজশাহী ইউনিভার্সিটি ল' এ্যালামনাই এসোসিয়েশন (রুলা)। রুলার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর সৌজন্যে বুধবার (৯ ডিসেম্বর) এই মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন রুলা সভাপতি নাহিদ সুলতানা যুথী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রুলার সেক্রেটারি ব্যারিস্টার আশরাফ আলী সুজন।
অনুষ্ঠানে নাহিদ সুলতানা যুথী বলেন, করোনাকালে আমরা একটি ভিন্নরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এরকম পরিস্থিতিতে আমাদের সকলকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, করোনার ৮/৯ মাসে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অনেক সিনিয়র আইনজীবীদেরকে হারিয়েছি। অনেক আইনজীবীর প্রয়াণ আমাদের ব্যথিত করে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। নাহিদ সুলতানা যুথী বলেন, প্রায় এক বছর অদৃশ্য এই করোনা ভাইরাসের কারণে আমাদের সতর্ক হয়ে চলতে হচ্ছে। শঙ্কা নিয়ে জীবনযাপন করতে হচ্ছে। এই করোনাকাল কেটে গেলে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, সামনের দুটো মাস আমাদের সতর্ক হয়ে চলতে হবে। মাস্ক পড়ে আদালতে আসতে হবে। যদি এটা না করি তাহলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। সেজন্য মাস্ক পরবেন, বাসায় মাস্ক রেখে আসবেন না।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, রুলার এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। সবাই যদি আমরা নিজ অবস্থান থেকে সমাজের জন্য ভূমিকা রাখতে পারি সেটাই হবে আইন পেশার স্বার্থকতা ।
ব্যারিস্টার কাজল বলেন, করোনার মধ্যে এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। রুলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত নাই তাদের রুমে মাস্ক পৌঁছে দেবেন সেটাই আমার আহবান।
এরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির হাতে এক বক্স মাস্ক তুলে দেন রুলা সভাপতি।
ইত্তেফাক/এমএএম