আগামী ১১ ও ১২ ডিসেম্বর দুইদিনব্যাপী বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতকরণে পিস অ্যাম্বাসেডরদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিস হ্যাকাথন। দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ প্রোগ্রামে সারাদেশের ৬০ এরও বেশি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দেড় শতাধিক পিস অ্যাম্বাসেডর অংশগ্রহণ করতে যাচ্ছে।
দুইদিনব্যাপি আয়োজিত এ প্রোগ্রামের প্রথম দিনের কর্মসূচি মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে পিস হ্যাকাথন পূর্ববর্তী সেশন অনুষ্ঠিত হবে এবং উক্ত সেশনে প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন দ্যা আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া। তারপর শুরুতেই বক্তব্য রাখবেন ইউএনডিপি বাংলাদেশের উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট স্পেশালিস্ট শারমিন ইসলাম । তিনি মূলত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহিলাদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরবেন । ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম তার বক্তব্যের মাধ্যমে কিভাবে আমরা শান্তিপূর্ণ যোগাযোগের মাধ্যমে সমাজের সকল বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে তুলতে পারি সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন ।
এরপরই শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কিভাবে সন্ত্রাসবাদকে দমন করতে পারি সে বিষয়ে আলোচনা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিটিসি) বাংলাদেশ পুলিশ প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) । সর্বশেষ ইউএনডিপি বাংলাদেশের পিটিআইবি প্রজেক্ট অফিসার রেবেকা সুলতানা ইয়ুথদের উদ্দেশ্যে কীভাবে তারা তাদের চিন্তা ও বুদ্ধিমত্তার মাধ্যমে সমাজের সকল বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করতে পারে সে বিষয়ে আলোচনা করবেন ।
অতিথিদের বক্তব্যের শেষেই পিস অ্যাম্বাসেডররা পিস হ্যাকাথনের কার্যক্রম শুরু করবে যেখানে তারা মূলতও আমাদের সমাজে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলো খুঁজে বের করবে।
দ্বিতীয় দিনও দুটি পর্বে পিস হ্যাকাথন কার্যক্রম পরিচালিত হবে। যেখানে প্রথমেই, পিস অ্যাম্বাসেডররা মেধা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের চিহ্নিত সমস্যাগুলোর সমাধান প্রদান করবে। তারপরই দ্বিতীয় পর্বে পিস অ্যাম্বাসেডরদের দ্বারা প্রেরিত সমাধানগুলোকে যাচাই বাছাইয়ের জন্য বিচারক মণ্ডলীদের বিশেষ এক বোর্ড গঠন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, একাত্তর টিভি’র বিশেষ প্রতিবেদক ফারজানা রূপা এবং ইউএনডিপি বাংলাদেশের পিটিআইবি প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টলম্যান।
পিস অ্যাম্বাসেডরদের নিয়ে গঠিত দশটিরও অধিক দল এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করবে। প্রতিযোগী দলগুলোর মধ্যে যারা সবচেয়ে সুন্দর সমাধান বের করে বিচারকমণ্ডলীর সামনে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারবে তাদের মধ্য থেকে তিনটি দলকে পুরস্কৃত করা হবে। এছাড়া শান্তি ও সম্প্রীতি নিশ্চিতকরণে তরুণদের এই অংশগ্রহণকে উৎসাহিত করতে সকল অংশগ্রহণকারী পিস অ্যাম্বাসেডরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি