কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের গাড়ি বারান্দার ঢালাই কাজ চলাকালে ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কুষ্টিয়ার জেলা প্রশাসক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। নিহত শ্রমিক বজলুর রহমানের (৬০) বাড়ি কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের অদূরে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক সংলগ্ন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের গাড়ি বারান্দার ছাদ ঢালাই কাজ চলছিল। বিকালে ঢালাইয়ের প্রায় শেষদিকে হঠাত্ ছাদ ধসে পড়ে।
খবর পেয়ে পুলিশ-র্যাবসহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকারী দল কংক্রিটের নিচে চাপা পড়া শ্রমিক বজলুর রহমানের মরদেহ এবং আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে। আহতরা হলেন- পলান (৬০), সোহেল (৩০), ইউনূস (৫০) শাহাবুদ্দিন (৩০) ও গালিব (২২)। তাদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গালিবের অবস্থা আশংকাজনক। তিনি নিহত শ্রমিক বজলুর রহমানের ছেলে।
এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানাতে পারেনি। তবে ত্রুটিপূর্ণ নির্মাণকাজ এবং ছাদ ঢালাইয়ে সাটারিং সামগ্রী যথাযথভাবে ব্যবহার না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মুস্তানজিদ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটির রিপোর্ট মোতাবেক দুর্ঘটনার কারণ উদঘাটন ও নির্মাণকাজে অবহেলা-উদাসীনতার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।