আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিদেশি কূটনীতিকদের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। পাশাপাশি কূটনীতিকরা সরকারকে লক্ষ্য অর্জনে সহযোগিতা ও বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে বিভিন্ন দেশ এবং সংস্থার রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ মোট ৫৫ জন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কূটনীতিকদের সঙ্গে এ কে আবদুল মোমেনের এটিই প্রথম বৈঠক ছিল। পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সবার অংশীদারিত্ব চাই, সহযোগিতা চাই। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে সরকারের সাফল্যের তথ্যচিত্র উপস্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে সাহায্য অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। বিদেশি কূটনীতিকদের কাছে নিজের ভবিষ্যত্ পরিকল্পনার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তাদের বলেছি, আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। হাতে নেওয়া পরিকল্পনাগুলো শেষ করতে চাই এবং দেশটাকে উন্নত করতে চাই। আমাদের একাধিক রোডম্যাপ আছে। ২০২১, ২০৩০, ২০৪১। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।
তিনি বলেন, আমি রাষ্ট্রদূতদের জানিয়েছি যে, সরকার সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন করতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। এজন্য সরকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আমরা নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে চাই এবং তারা (বিদেশিরা) আমাদের অংশীদার হিসেবে সহযোগিতা করতে পারে।
বৈঠক শেষে ডিপ্লোম্যাটিক কোরের প্রধান ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার পরিকল্পনা আমাদের জানিয়েছেন। কূটনীতিকদের পক্ষ থেকে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক ধরে রাখবে ইইউ
বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক গতকাল পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূত জানিয়েছেন, সুশাসন, ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সহযোগিতার মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে ইইউ। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগের জন্য আরও ভালো পরিস্থিতি সৃষ্টির তাগিদ দিয়েছেন তিনি।