আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে বলেছেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জ্ঞান যাদের নেই তাদের সঙ্গে ঘর করা যায় না। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের কখনো বিশ্বাস করবেন না। তারা এখন পুনর্নির্বাচনের দাবি করে বেড়ায়। এটা তাদের পৈতৃক সম্পত্তি নয় যে তারা বললেই পুনর্নির্বাচন হবে। তারা কোন কথা বলে দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে আপনারা তার সমুচিত জবাব দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না। আমরা তা হতে দেব না। শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার তা আরো সুদৃঢ় করবে। এ পাঁচ বছরে এমন উন্নয়ন করতে হবে যাতে আগামী ৫০ বছরে আর কোন উন্নয়ন করতে না হয়। সেই মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা পরিষদ মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।