অনিবার্য কারণে ১৯ জানুয়ারি নির্ধারিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করেছে। পরবর্তীতে এই ভিটামিন এ ক্যাম্পেইনের তারিখ নির্ধারণ করে জানানো হবে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশজুড়ে ১৯ জানুয়ারি ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি নির্ধারিত ছিল।
এর আগে ১৪ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অ্যাডভোকেসি সভায় ঘোষণা দেওয়া হয়, সভায় ডিএসসিসি‘র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিন ওইদিন বলেছিলেন, সাধারণত বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কিন্তু নির্বাচনের কারণে গত বছর ডিসেম্বর মাসের সেই ক্যাম্পেইন, ২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচালনা করা হবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৪৭ হাজার শিশু এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২ থেকে ৫৯ মাস বয়সী সোয়া ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যৌথভাবে ক্যাম্পেইন পরিচালনা করবে দুই সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।