সাভারে দুই ব্যবসায়ীকে মারধর করে ট্রাক থেকে ফেলে দিয়ে ৬৫টি খাসি নিয়ে পালিয়েছে ট্রাকের চালক, হেলপার ও তাদের সহযোগীরা। গত বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাসি ব্যবসায়ী মোঃ হরমুজ আলী গতকাল বৃহস্পতিবার সকালে সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বুুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তিনি এবং তার ছোটভাই আবু হানিফ প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৬৫টি খাসি নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২১৩৬) ভাড়া করেন। ট্রাকটি নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশে তারা রওনা হন। ট্রাকটিতে চালক ও দুইজন হেলপার ছিল। পথে চালক আরো দুইজন অজ্ঞাত ব্যক্তিকে ট্রাকটিতে ওঠায়। রাত ১১টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর পার হলে হেলপারসহ ট্রাকে থাকা তিন দুর্বৃত্ত দুই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত, পা বেঁধে ফেলে। এসময় দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি মারধর করে আমিনবাজার-বলিয়ারপুরের মধ্যবর্তী স্থানে তাদের ফেলে দেয়। পরে ইউটার্ন নিয়ে ট্রাকে থাকা ৬৫টি খাসিসহ চম্পট দেয় দুর্বৃত্তরা। ট্রাকচালক ও হেলপারের যোগসাজশেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়ী হরমুজ আলী।