মাদকের মামলার তদন্তভার পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক-১ শাখার উপ-সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সালের ৬৩ নং আইন) এর ধারা ৩০ এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও উপ-পরিদর্শকগণ এই আইনের অধীন অপরাধ তদন্ত করতে পারবেন। তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুলিশের থানার ভারপ্রাপ্ত অফিসারের (ওসি) ক্ষমতা প্রদান করা হল।’

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, এই আইনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রন অধিদফরের কর্মকর্তাদের ক্ষমতায়ন হলো। তারা থানার ভারপ্রাপ্ত অফিসারের মতো তদন্ত করতে গিয়ে এই আইনের ক্ষমতা বলে কাউকে গ্রেফতার করতে পারবে রিমান্ডে নিতে পারবে।

ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, আগে আইনে তদন্তের বিষয়টি অস্পস্ট ছিলো। যে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারতো। এই আইনের ফলে এখন তদন্ত করতে গিয়ে আর কোন আইনগত বাধা রইলো না।

তিনি বলেন, থানার ভারপ্রাপ্ত অফিসার তদন্তের ক্ষেত্রে যে ভাবে ক্ষমতা প্রয়োগ করেন, এখন থেকে আমরাও তদন্তের ক্ষেত্রে সেভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবো। এতে করে মামলার কার্যক্রম দ্রুত শেষ করে মাদক ব্যবসায়ীদেরকে সাজা দেয়া সম্ভব হবে।

তিনি বলেন, ১৯৯০ সালের মাদক আইনে এই আইন ছিলো কিন্তু ২০১৮ সালে নতুন আইন হওয়ায় এই বিষয়টি বাতিল হয়ে যায়। এখন এই আইনের বিষয়টি সার্কুলার হয়ে যাওয়ায় আর কোন বাধা রইলো না।