বেলজিয়াম বিএনপির সভাপতি মারা গেছেন

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহমেদ সাজা’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজাকে বেলজিয়াম বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তার মৃত্যু বেলজিয়াম বিএনপিতে যে গভীর শূন্যতার সৃষ্টি করলো তা সহজে পূরণ হবার নয়। বেলজিয়াম বিএনপিকে মজবুত ও সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মরহুম আহমেদ সাজার গতিশীল নেতৃত্বের কারণেই বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। জিয়ার নীতি ও আদর্শই ছিল আহমেদ সাজা’র রাজনীতির মূল প্রেরণা। তার পরিবার-পরিজন ও নিকটজনদের ন্যায় আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন এই দোয়া করি।

ইত্তেফাক/বিএএফ