গাড়ির ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দছরের কোলা নামক এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী আল-মামুন (১৫) ও মিলন মিয়া (১৬) নামে দুই কিশোর মারা গেছে।

নিহত আল-মামুন উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের নুর আলমের ছেলে ও নিহত মিলন মিয়া একই এলাকার লাল মিয়া ওরফে লালুর ছেলে।

বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার জানান, আল-মামুন ও মিলন মিয়া বাইসাকেলযোগে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে ওই এলাকায় গ্রামের মাটির কাঁচা রাস্তা থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর পাকা সড়কে উঠার সময় সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী প্রাইভেটকারের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আল-মামুন মারা যান। পরে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ যাওয়ার পথে মিলন মিয়ার মৃত্যু হয়।

আরো পড়ুন: একটি বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, প্রাইভেটকারটি আটক করে সাদুল্লাপুর থানায় আনা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/জেডএইচ