রংপুর বেতার আরো শক্তিশালী হোক

এমন একটা সময় ছিল, যখন বেতার ছিল এ অঞ্চলের প্রধান গণমাধ্যম। পাকিস্তান আমলে হাতেগোনা কয়েকটি সংবাদপত্রের বিপরীতে খবর ও বিনোদনের বড় একটি উত্স ছিল বেতার। স্বাধীন বাংলাদেশেও বহু বছর বাংলাদেশ বেতার দোর্দণ্ড প্রতাপের সঙ্গে তার অস্তিত্ব ঘোষণা করে আসছিল। কিন্তু ক্রমেই বাংলাদেশ বেতারের ভূমিকা নিষপ্রভ হতে থাকে। বস্তুত টেলিভিশন ও সংবাদপত্রই এখন হয়ে উঠেছে তথ্য ও বিনোদনের প্রধান মাধ্যম। অথচ বাংলাদেশ বেতারকে স্ব-মহিমায় প্রতিষ্ঠা করা এমন কোনো কঠিন কাজ নয়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা চিরস্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো মান্ধাতার আমলের প্রযুক্তি দিয়েই চলছে বেতারের কার্যক্রম। পুরাতন অপ্রচলিত ও অ্যানালগ যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক ও ডিজিটাল যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে বেতার জাতি গঠনমূলক তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করুক। একইসঙ্গে অনুষ্ঠানগুলোতে আনুক আধুনিকতা। মেটাক যুগের চাহিদা। আমরা চাই, বেতারের কার্যক্রমগুলো দারিদ্র্য হ্রাস, জেন্ডার বৈষম্য হ্রাস, নিরক্ষরতা দূরীকরণ, আঞ্চলিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। আজ ১৬ নভেম্বর রংপুর বেতারের ৫১ বর্ষপূর্তিতে এটাই হোক বেতারপ্রিয় সকল শ্রোতার চাওয়া।

মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর