প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় থানার বাথরুমে ঢুকে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক ইমরানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
ওই তরুণী রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সের ছাত্রী। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর প্রেমিক নগরীর কামালকাছনা এলাকার বাসিন্দা ইমরান একটি কোচিং সেন্টারের পরিচালক।
জানা গেছে, মুঠোফোনে প্রেম হয় দুজনের। এরপর তারা বিয়ে না করেই তিন বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানান ইমরান। এরপর গত বুধবার রাত ৯টার দিকে থানায় দুজনকে নিয়ে আলোচনার উদ্যোগ নেয় পুলিশ।
এ সময় ইমরান বিয়েতে অস্বীকৃতি জানালে ওই ছাত্রী থানার বাথরুমে ঢুকে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরো পড়ুন: একটি বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি
ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোক্তারুল আলম বলেন, প্রেমিক ইমরানকে গ্রেফতার করা হয়েছে। আর ওই কলেজছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
আরো পড়ুন: মদ-গাঁজা দিয়ে নিজের স্বাধীনতাকে উদযাপন সেই সৌদি তরুণীর
ইত্তেফাক/জেডএইচ