ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের হাতে ছাত্রীর পিতা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সকালে। এ ব্যাপারে কলেজ ছাত্রীর পিতা আতাউল করিম স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলা সদরের অদূরে নয়াগাঁও গ্রামের বাসিন্দা আতাউল করিম তার মেয়ে স্থানীয় আলহাজ শফি উদ্দিন আহম্মদ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহে যাওয়ার জন্য উপজেলা সদর বাস কাউন্টারে আসেন। এখানে মোশারফ (২২) নামে এক বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় আতাউল করিম ঘটনার প্রতিবাদ করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়। পরে আতাউল করিম ময়মনসিংহের যাত্রা স্থগিত করেন। মোশারফ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। মোশারফ রাজমিস্ত্রীর সহকারী (জুগালী) হিসেবে কাজ করে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার ভূমি) রাশেদুল হাসান বলেন, নির্বাহী অফিসার ছুটিতে রয়েছেন। ছুটি শেষে আগামী সপ্তাহে কর্মস্থলে এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।