কালীগঞ্জ বেদে পল্লিতে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জের বেদে পল্লিতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বেদে পল্লির সরদার নির্বাচন নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কিছুদিন ধরে সরদার নির্বাচন নিয়ে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছে মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ইয়ার আলী। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছে রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম বেদে পল্লির বর্তমান সরদার। দীর্ঘদিন ধরে তিনি এই পদে রয়েছেন। ফলে বেশিরভাগ সদস্যরা চাচ্ছেন সরদার পরিবর্তন। এই নিয়ে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। উভয়পক্ষ কমপক্ষে ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ছাড়া ও ফায়ার সার্ভিসের সদস্যরা সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।