হোমনায় পাঁচ আবাসিক গ্যাসের রাইজার চুরি

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মালামাল ও ১৫ আবাসিক গ্যাসের রাইজার চুরির চার দিনের মাথায় আবারও এক রাতে পাঁচটি আবাসিক গ্যাসের রাইজার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে হোমনা হাসপতাল কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান রাইজার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাটি হোমনা থানায় জানানো হয়েছে।

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, হাসপাতালের রাইজার চুরির বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ চোর ধরতে ও রাইজার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৩ জানুয়ারি রাতে তালা ভেঙ্গে হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বাথরুমের মালামাল এবং হোমনা পল্লী বিদ্যুত্ রোডের ১৫ বাড়ির আবাসিক গ্যাসের রাইজার চুরি হয়।