মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির জনৈক শিক্ষার্থী (১০) এর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। গত বুধবার দুপুরে ঐ ছাত্রীর একই গ্রামের জনৈক ধনাঢ্য ব্যক্তির প্রতিবন্ধী ছেলের সাথে এ বিয়ের আয়োজন চলছিল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে বিষয়টি সরেজমিনে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেন। মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, মেয়েটির বাবা না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে মা ও রিকশাচালক খালু এ কোমলমতির শিক্ষার্থীকে একই এলাকার ধনাঢ্য ব্যক্তির প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দেয়ার আয়োজন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে আমাকে সরেজমিনে দেখার জন্য বলেন। আমি সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেই এবং খালু ও মাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত জানাই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেন, মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় আমি তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। পরে বিয়েটি বন্ধ করে দেই। ভবিষ্যতে বাল্যবিয়ের ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।