অপর দুইজন অসুস্থ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় চাচার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ভাতিজার মৃত্যু। চাচাতো ভাই ও ভাবী অসুস্থ হয়ে চিকিত্সাধীন। হূদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামে শুক্রবার সকালে। জানা গেছে, নাঘিরপাড় গ্রামের মৃত মফিজদ্দিন খানের ছেলে হাশেম খান (৮০) বার্ধক্যজনিত কারণে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। শুক্রবার সকালে মরহুমের দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে হাশেম খানের ভাতিজা মিজানুর রহমান খান (৪০) হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই মারা যান। মিজানের মৃত্যু খবর বাড়িতে ছড়িয়ে পড়লে মিজানের ভাই আলমগীর খান (৫৫) ও চাচাতো ভাই তোতা খানের স্ত্রী লামিয়া বেগম (৩৫) অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ দুইজনকে চিকিত্সক ডেকে বাড়িতে চিকিত্সা দেওয়া হচ্ছে। হূদয়বিদারক ঘটনায় ওই বাড়িসহ এলাকায় শোকের মাতম বইছে।