পুলিশ সদস্যদের সর্বাধুনিক অপারেশনাল গিয়ার দেওয়া হচ্ছে। এর ফলে এখন থেকে তাদের হাতে কোনো অস্ত্র বা ভারি কিছু থাকছে না।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন’ অনুষ্ঠান হয়।
যেখানে বলা হয়, পুলিশ সদস্যরা ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন। এর মাধ্যমে তারা আগ্নেয়াস্ত্র, হ্যান্ড কাফ, ওয়ারলেস, পানির বোতল ইত্যাদি বেল্টে রাখবেন। এতে তাদের হাত খালি থাকবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, উন্নত বিশ্বে রুটিন ডিউটিতে পুলিশ ভারি অস্ত্র ব্যবহার করেন না। এখন থেকে আমরাও সেই বিষয়টির প্রচলন করতে চাই। প্রথমে ঢাকা ও চট্টগ্রামে বুধবার থেকে এটি ব্যবহার করবে। এরপর ধাপে ধাপে সবক্ষেত্রে এটির প্রচলন করা হবে।
তিনি বলেন, এর ফলে পুলিশ সদস্যরা কোনও ধরনের অস্বস্তি ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন। আমরা চাই না ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ এক হাতে ওয়্যারলেস ধরে থাকুক, এক হাত অকোপাইড হয়ে থাকুক। নতুন গিয়ার সংযোজনের ফলে ওয়্যারলেস চলে যাবে বেল্টে। কাঁধে সংযোজিত মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ সদস্যরা ওয়্যারলেস ব্যবহার করতে পারবেন।
অপারেশনাল গিয়ার সংযোজনকে পুলিশের হার্ডওয়্যারগত পরিবর্তন উল্লেখ করে পুলিশ প্রধান আরো বলেন, এর পাশাপাশি সফটওয়্যারগত পরিবর্তন অর্থাৎ আচরণগত পরিবর্তন জরুরি। আমরা চাই পুলিশের সর্বকনিষ্ঠ থেকে সর্বোচ্চ পদের সদস্যদের আচরণ হবে সর্বোচ্চ অনুকরণীয়।
ইত্তেফাক/জেডএইচ