স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীমুখী মানুষের স্রোত বাড়ছে। বাড়ছে জনবসতি, গড়ে উঠছে নতুন বহুতল ভবন। এসব বিষয় মাথায় রেখে মহানগরীর সড়ক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শত বছরের পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে নগরীর ১৫টি সড়ক।
নগরীর যাতায়াত ও যানবাহন পরিস্থিতির প্রেক্ষিতে আগের মেয়াদে এই প্রকল্প হাতে নিয়েছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কিন্তু মাঝে মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হওয়ায় থমকে যায় প্রকল্পটি। খায়রুজ্জামান লিটন এবার মেয়র নির্বাচিত হওয়ায় আলোর মুখ দেখতে যাচ্ছে প্রকল্পটি।
রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, ওই ১৫ সড়ক নিয়ে ‘রাজশাহী মহানগরীর সড়ক নেটওয়ার্কের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ। তাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫’শ কোটি টাকা ব্যয় হবে সড়ক নির্মাণে। বাকি আড়াই হাজার কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণে।
তিনি আরো বলেন, রাজশাহী শহরে রাসিকের সড়ক রয়েছে সবমিলিয়ে ৩৫০ কি.মি. যা ৯ শতাংশেরও কম। অথচ পরিকল্পিত নগরীতে ২৫ শতাংশ সড়ক থাকতে হয়। বিষয়টি মাথায় রেখেই সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা জটিলতায় না পড়লে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করবে রাসিক।