তাড়াশে চারশ’ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত

মাত্র ২ স্প্যান বৈদ্যুতিক তারের অভাব

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে মাত্র ২ স্প্যান বৈদ্যুতিক তারের অভাবে একটি গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ওই নলকূপের প্রায় চারশ’ বিঘা জমির বোরো আবাদ।

নলকূপ পরিচালনা কমিটির সভাপতি আল আমিন জানান, গত ২ বছর পূর্বে নলকূপের সামনে ৩ ফেজ লাইনের ১ কিঃমিঃ পশ্চিমে বৈদ্যুতিক তার গাছ পড়ে নষ্ট হয়। পরে স্থানীয় পল্লী বিদ্যুত্ সমিতির লোকজন সেই তার খুলে নিয়ে যায়। এরপর গত ২ বছরেও ৩ ফেজ লাইনটি মেরামত করা হয়নি।  ভুক্তভোগী কৃষক তাজেম আলী, আশরাফ উদ্দিন, রাব্বেল প্রামাণিক, শাহিনুর আলম, শফিকুল ইসলাম, দুলাল আহমেদসহ আরও অনেকে জানান, মাত্র ২ স্প্যান বৈদ্যুতিক তারের অভাবে ভরা বোরো আবাদের সময় ওই ৩ ফেজ লাইন না থাকায় গভীর নলকূপ দিয়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে এলাকার শতাধিক কৃষকের প্রায় ৪শ’ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-১’র (উল্লাপাড়া) জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোলাইমান মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।