চট্টগ্রামের হালিমপুরে স্কুল উদ্বোধন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুরে স্থাপিত হয়েছে নতুন স্কুল। প্রাথমিক এ বিদ্যালয়ে এবারই প্রথম ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। স্থানীয় শিশুরা নতুন স্কুলের পাশাপাশি নতুন বই পেয়ে দারুণ খুশি। গত শনিবার অনুষ্ঠানের মধ্য দিয়ে আশোবা ওয়াজেদ প্রাথমিক বিদ্যালয় নামের স্কুলটির উদ্বোধন করা হয়। গ্রামবাসীর অনেকে জানিয়েছেন, হালিমপুরের নতুন প্রজন্মকে এখন থেকে আর কষ্ট করতে হবে না। কারণ, এখন তাদের বাড়ির সামনেই স্কুল। স্কুলের প্রতিষ্ঠাতা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ ইত্তেফাককে জানান, গ্রামকে নিরক্ষরমুক্ত করার স্বপ্ন ছিল আমার বাবা-মায়ের। তাদের স্বপ্নকে পূরণ করার মানসেই গড়ে তোলা হয়েছে আশোবা ওয়াজেদ প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, স্কুলের অভাবে এলাকার শিশুকিশোররা কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করতো। এ কারণে অধিকাংশ শিক্ষার্থী অল্পতেই ঝরে পড়তো। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি স্কুলটিকে এগিয়ে নিতে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।