কুমিল্লায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর কুমিল্লা ক্লাবে কোর্সের উদ্বোধন করেন ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’ এর সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় এবং পরবর্তী অবস্থার পটভূমি বর্ণনা করে বলেন, এক সময় রাজনীতিবিদরা শিক্ষকদের কাছে যেতেন, কিন্তু এখন শিক্ষকরা রাজনীতিবিদদের কাছে যান। শিক্ষকরা শিক্ষক হতে চান না, তারা সরকারি চাকুরে হতে চান। বক্তব্যে তিনি  বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতায় থাকার সময়ের বিভিন্ন বিষয়ের সমালোচনা করেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মকে প্রস্তুত করে তোলার জন্যই তিনি গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন বলে জানান।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনাসহ এ পর্যন্ত দেশের ৪টি জেলায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। কুমিল্লা হলো এই প্রশিক্ষণের ৫ম জেলা। ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কুমিল্লা অজিতগুহ কলেজে আনুষ্ঠানিকভাবে দুই মাসব্যাপী এই কোর্সের প্রশিক্ষণ ক্লাস শুরু করা হবে।