বিনোদন রিপোর্ট
জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-এ ‘বেস্ট অডিয়েন্স’-এর পুরস্কার অর্জন করেছে। এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী।
গতকাল আনুষ্ঠানিকভাবে পর্দা নামে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-এর ১৭তম আসরের। সমাপনী দিন সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্মাতা উপস্থিত না থাকায় পরবর্তীতে তা পৌঁছে দেওয়া হবে বলে জানান উত্সব আয়োজকরা। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে এক যে ছিল রাজা নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। গত দুর্গাপূজায় ছবিটি মুক্তি পেয়েছে ভারতে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বদৌলতে ছবিটি দেখলো ঢাকার দর্শক। শুধু তাই নয়, দেখে হাতে-নাতে পুরস্কারও দিলো এই দর্শকরা!
গত ৯ দিন ধরে রাজধানীর ৬টি ভেন্যুতে ৮টি বিভাগে দেখানো হয় বিশ্বের নামিদামী নির্মাতার অনেক চলচ্চিত্র। যেখানে অংশ নেয় ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র। আর এ উত্সবে উত্সবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে দেখানো হয় এক যে ছিল রাজা ছবিটি।