মেজরটিলায় গ্রেফতার এড়াতে ছাদ থেকে পড়ে আসামির মৃত্যু

সিলেটের শাহপরান থানার মেজরটিলা এলাকায় ভোর রাতে পুলিশের অভিযানের সময় গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে আসামির মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ (৩৩) মাদক মামলার আসামি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ শাহপরান থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে গোয়াইনঘাট থানার উত্তর নওয়াগ্রামের বসিন্দা। বর্তমানে সিলেটের শাহপরান থানার মেজরটিলা ফালগুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করত।

নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করতে শাহপরান থানার এসআই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুল্লাহ পালিয়ে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লার বাড়িতে অভিযান চালানো হয়। তখন আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।