ব্রেক্সিট ‘প্ল্যান বি’ নিয়ে ভোট ২৯ জানুয়ারি

রয়টার্স

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট ‘প্ল্যান বি’ নিয়ে বিতর্ক এবং ভোট আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা আন্দ্রিয়া লিডসম বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মে’র করা ব্রেক্সিট চুক্তি এ সপ্তাহে পার্লামেন্টের ভোটাভুটিতে পাস করতে না পারায় অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী এখন জরুরি ভিত্তিতে ব্রেক্সিটের পথ খুঁজে পেতে সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। তবে তার এ প্রচেষ্টাতেও সাফল্যের লক্ষণ তেমন দেখা যাচ্ছে না।

হাউজ অব কমন্সের নেতা লিডসম বলেছেন, ব্রেক্সিট প্রশ্নে আরেকটি প্রস্তাব আগামী সোমবার সামনে আনবেন প্রধানমন্ত্রী মে। সেদিনই তিনি পরবর্তী করণীয় নিয়ে একটি বিবৃতি দেবেন। আর ২৯ জানুয়ারি মঙ্গলবার ওই প্রস্তাব নিয়ে সারাদিনব্যাপী বিতর্ক চলবে। এরপরই ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার রাতে সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর মে তাদেরকে নিজ স্বার্থ বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কাজটি সহজ নয়। কিন্তু সংসদ সদস্যরা জানেন, দেশের স্বার্থে তাদের একটি দায়িত্ব আছে। তাই আপনারা চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছান এবং ব্রেক্সিট সম্পন্ন করুন।