চীনের বাংলাদেশ কনস্যুলেটে  বিজয় দিবস উদযাপন 

চীনের কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কনস্যুলেটের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করেন।

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং কুনমিং এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

আরো পড়ুন: বাংলাদেশ ও ভারতের মধ্যে হাতির চলাচল নির্বিঘ্ন করতে চুক্তি স্বাক্ষর

আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি আরো উল্লেখ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে উদযাপিত এ মহান বিজয় দিবস এক বিশেষ গুরুত্ব বহন করে।

স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নাচ, গান, কবিতা আবৃত্তি, মুখাভিনয় ও নাটিকা পরিবেশন করে।

ইত্তেফাক/এএএম