ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ময়নসিংহ ৪নং আমলি আদালতের বিচারক মাহবুব আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের আবেদন রিমান্ড আবেদন জানালে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, মামলাটি ডিবি তদন্ত করছে। এখন পর্যন্ত এই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কবজি কেটে টাকা ছিনতাইয়ে ঘটনায় গ্রেফতার ৪, টাকা উদ্ধার
উল্লেখ্য, মাসুদর রহমান শুভ্র আসন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে প্রচারণায় ছিলেন। গত ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী শুভ্রসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ওইদিন রাতে শুভ্রর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদি হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় ১৪ জনের নাম ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
ইত্তেফাক/এসি