ভাস্কর্য বিতর্কের অবসান না হতেই ছবি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন আজিজুল হক ইসলামাবাদী। সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যম ও লাইভ অনুষ্ঠানে ছবি এবং ভিডিও নিয়ে সাংঘর্ষিক মন্তব্য করেন তিনি।
সম্প্রতি জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে'র আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ইসলাম কোনোভাবেই ছবি কিংবা ভিডিওকে সমর্থন করে না। তবে বিশেষ প্রয়োজনে ছবির ব্যবহারের অনুমোদন দিয়েছেন আলেম-ওলামাগণ। সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলেম-ওলামাদের ভিডিও বক্তব্য এবং লাইভও শরীয়াহ পরিপন্থী। এগুলোর অনুমোদন ইসলাম দেয় না। এরপরও জনগণকে নিজেদের অবস্থান পরিষ্কার করার স্বার্থে অনেকেই লাইভে অংশ নিয়ে থাকেন।
আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি লাইভ অনুষ্ঠান 'লাইভ উইথ হারুন'-এ একই বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি ভিন্ন মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, প্রয়োজনীয় বিষয়গুলো শরীয়তে জায়েজ। ভিডিও বা লাইভ কোনোভাবেই স্থির-চিত্র নয়, এগুলো সরাসরি সম্প্রচার, তাই এগুলো অন বা অফ করে রাখা যায় এবং ইচ্ছা করলে এগুলো দেখতে কিংবা অফ করে রাখা সম্ভব, যা স্থির চিত্রের ক্ষেত্রে সম্ভব নয়।
তিনি আরো বলেন, ভিডিও চলমান বলে এর সাথে স্থির চিত্র ও ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। তাই ছবি কিংবা ভাস্কর্য নাজায়েজ হলেও চলমান হওয়ায় ভিডিও জায়েজ।
ইত্তেফাক/জেডএইচডি