রংপুর নিয়ে আশাবাদী এবি

স্পোর্টস রিপোর্টার

দলে তারকার অভাব নেই রংপুর রাইডার্সের।

ক্রিস গেইল, অ্যালেক্স হেলসরা আছেন; মাশরাফি বিন মুর্তজাও আছেন। তারপরও খাদের কিনারে দাঁড়িয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। এবার সেই দলে নতুন আশা সঞ্চার করতে বিপিএলে এসেছেন এবি ডি ভিলিয়ার্স। ঢাকায় নেমে হেলিকপ্টারে সিলেটে পৌঁছে যাওয়া এই সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বলেছেন, তিনি অন্তত আশাবাদী যে, রংপুর প্লে অফে জায়গা করে নিতে পারবে।

প্লে অফে খেলতে গেলে এখন আর ম্যাচ হারার খুব একটা সুযোগ রংপুরের সামনে নেই। ডি ভিলিয়ার্স বলছিলেন, তারা বাকি ছয় ম্যাচে প্লে অফ নিশ্চিত করতে পারবেন, ‘আমি এখনও তাদের হয়ে খেলিনি। আশা করি আগামীকাল আমরা প্রথম ম্যাচ খেলবো যদি আমাকে রাখা হয় একাদশে। রংপুরের স্কোয়াডটি দারুণ, আপনি দলে থাকা ক্রিকেটারদের নাম দেখুন। এটি আসলেই একটি ব্যালেন্সড দল। আমি জানি রংপুর রাইডার্সের এর আগেও কিছু সাফল্য রয়েছে। আমাদের এখনও ছয়টা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতে ভালো খেললেই আশা করছি আমরা প্লে-অফ পর্বে জায়গা করে নিবো।’

অবশ্য ডি ভিলিয়ার্স এমন বোঝাতে চাইছেন না যে, তিনি নিজেই সবগুলো ম্যাচে পারফরম করবেন। সেটা সম্ভব না বলেই বলছিলেন ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ নামে খ্যাত এই মারকুটে ব্যাটসম্যান, ‘ক্রিকেট খেলাটাই উত্থান পতনের। আপনি প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবেন না। আমি খেলাধুলার বাস্তবতা ভালোই জানি। আমি নিজের কাছে বেশি প্রত্যাশা করি না। তবে সময়ের ফাঁকে ফাঁকে চার-ছক্কার প্রত্যাশা করি।’

এই টুর্নামেন্টে খুব সমালোচনা হচ্ছে উইকেট নিয়ে। বলা হচ্ছে উইকেটের কারণেই বিখ্যাত ব্যাটসম্যানদের রান দেখা যাচ্ছে না। কিন্তু ডি ভিলিয়ার্স বলছেন, উইকেট তেমন কোনো সমস্যা নয়, ‘আমার উইকেট নিয়ে তেমন সমস্যা নেই। আমি নিজের সামর্থ্য নিয়েই বেশি ভাবি। উইকেট সবসময় ভালোই থাকে আমি মনে করি। কিছু বল হয়তো টার্ন করে। আমি তেমন চিন্তা করি না এইসব নিয়ে। এর আগের ম্যাচের উইকেট তো ভালোই ছিল। আশা করি আমাদের পরের ম্যাচেও এমন থাকবে।’

বিপিএলে এই প্রথম খেলবেন। কিন্তু ডি ভিলিয়ার্স বললেন, এই টুর্নামেন্ট সম্পর্কে তিনি আগেই শুনেছেন, ‘আমি বিপিএল সম্পর্কে এর আগে ভালো কথাই শুনেছি। আইপিএলে খেলা ক্রিকেটারদের কাছে এর আগেও বিপিএলের কথা শুনেছি। তাঁরা বলেছিল যে এখানকার ক্রিকেটের কোয়ালিটি অসাধারণ। এটি এমন একটি টুর্নামেন্ট যেটি কিনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি করছে। আমি বেশ খুশি এ বছর টুর্নামেন্টটির অংশ হতে পেরে।’

সবমিলিয়ে ডি ভিলিয়ার্স বাংলাদেশে আসতে পেরে বেশ খুশি বলে দাবি করলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার এমজানসি লিগে খেলেছিলাম। এটা আমার নতুন মৌসুমের শুরু বলতে পারেন। আমাকে এই সময়টায় ব্যস্ত ও ফিট থাকতে হবে। আমি বাংলাদেশে আসতে পছন্দ করি। আমি অনেক দিন আগে বাংলাদেশে এসেছিলাম। আমাদের দলটাও ভালো। আমরা এখনও ভালো পারফর্ম করতে পারি নি। আশা করছি আমরা ঘুরে দাঁড়াতে পারব ও টুর্নামেন্ট ভালো মতো শেষ করব।’