আয়োজকরা চাইলেই ৪৮ দলের অংশগ্রহণ সম্ভব

কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্ট আয়োজক কমিটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আয়োজক কাতার রাজি হলেই কেবলমাত্র ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা।

দোহায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে নাসের আল খাতার জানিয়েছেন, তিন বছর পর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের জন্য দেশটি(কাতার) এই মুহূর্তে ৩২ দলের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘কাতারের সঙ্গে চুক্তি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিষয়। যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০২২ বিশ্বকাপে ১৬টি দল বাড়ানো যায় কিনা-সে বিষয়ে পরীক্ষা করছে ফিফা এবং আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, ‘আমরা ফিজিবিলিটি স্টাডির ফলের জন্য অপেক্ষা করছি এবং একবার তারা প্রস্তুত হলে ফিফা আমাদের জানাবে, এটা সম্ভব কিনা।’

গত মাসে দোহায় ফিফা সভাপতি বলেছিলেন ‘অধিকাংশ’ ফুটবল ফেডারেশন দল সংখ্যা বাড়ানোর পক্ষে। টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানো হলে বড় ধরনের রাজনৈতিক সমস্যা মোকাবিলা করা কঠিন হবে।

বিশ্বকাপ সাধারণত ৩২ দিনের হয়ে থাকে। তবে মধ্যপ্রাচ্যে প্রথমবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হবে ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে ২৮ দিনে।

কাতারের টুর্নামেন্টের দিন সংখ্যা বাড়ানো সম্ভব নয় বলে ইতোপূর্বে জানিয়েছিলেন কর্মকর্তারা। সে দিক থেকে একটা বিকল্প হতে পারে পার্শ্ববর্তী দেশগুলোতে ম্যাচ আয়োজন করা।

কিন্তু সামপ্রতিক বছরগুলোতে কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে।  ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ আসরে। যা যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা আয়োজন করবে। বাসস/ফিফা