ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং আইইবি ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে শীতকালীন পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আইইবি প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্যবাহী এ পিঠা উত্সব শুরু হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পিঠা উত্সব শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাত্ হোসেন শীবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ওয়ালিউল্লাহ সিকদার। এ ছাড়া আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকৌশলী মোঃ আবদুস সবুর বলেন, পিঠা এমনই এক শিল্প যে, এটি আমাদের চিত্রকলা ও লোকজ গল্পেও স্থান পেয়েছে। পিঠা শুধু খাওয়া নয়, এটি তৈরিরও একটি কলা আছে। এদেশের প্রত্যেক নারীই শিল্পী। আর তার প্রমাণ পাওয়া যায় পিঠা তৈরির মাধ্যমে। আমাদের এখনকার নতুন প্রজন্ম দেশের অনেক ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই জানে না। আমাদের নতুন প্রজন্মকে এ সব ইতিহাস ঐতিহ্য জানাতে হবে। পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে হবে।— প্রেস বিজ্ঞপ্তি