পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কৃষি অর্থনীতির উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ। সরকার নিজস্ব জলবায়ু তহবিল গঠন, উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার নির্মাণ, লবণাক্ত সহনশীল ধানের জাত উদ্ভাবনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে এদেশের কৃষি ও কৃষকের অভিযোজনে এবং টেকসই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। গত বৃহস্পতিবার পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ হাটে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত জলবায়ু ও কৃষি মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শিরীন শারমিন বলেন, শেখ হাসিনার সরকার দরিদ্র বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার। দেশে কেউই দরিদ্র থাকবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক দুই মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় এসে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে এনেছেন। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, সমকালের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, আ. কুদ্দুস মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে স্পিকার তিন দিনব্যাপী জলবায়ু ও কৃষি মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।