বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সংস্থাটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বিএসটিআইর কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয় এবং আঞ্চলিক ও জেলা পর্যায়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। বিএসটিআই মহাপরিচালক আরও বলেন, বিএসটিআই একটি সেবাধর্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এ প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান নেই। তাই আপনারা কেউ এসব কাজের সঙ্গে যুক্ত হবেন না। -প্রেস বিজ্ঞপ্তি