অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ 'উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম' (উই)-এর ষষ্ট মাস্টারক্লাস। শনিবার সকালে অনুষ্ঠিত এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিলো 'গ্রাহককে খুঁজে পাওয়া,ধরে রাখা এবং গ্রাহকের সাথে বড় হওয়া'।
আন্তর্জাতিক স্পিকার হিসেবে ভার্চুয়াল এই সেশনটিতে যুক্ত হন ডেবরা হল। যিনি উপদেষ্টা, এন্জেল ইনভেস্টর ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ২০১৮ সালের নিউজিল্যান্ডের আর্চ এন্জেল অ্যাওয়ার্ড উইনার। পরে বাংলায় সেশনটির মূল আলোচনা উই গ্রুপে আলোচনা করেন থটস এর চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম।
আরআর গ্রুপের সৌজন্যে এই মাস্টারক্লাসে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সরকারের আইসিটি ডিভিশনের এডিশনাল সেক্রেটারি রিনা পারভীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'উই এর আয়োজনটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি আনন্দিত এই প্লাটফর্মটি নিয়ে। আপনাদের এগিয়ে যাওয়ার সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত'।
এ সময় উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উই এর অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া এন্ড ব্রান্ডিং এক্সপার্ট হাসান বেনাউল ইসলাম।
মাস্টারক্লাস নিয়ে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, নিয়মিত এই আয়োজনটি আমাদের দেশে একদম নতুন। আমরা চাই একটা পরিবেশ গড়ে উঠুক আমাদের চারপাশে যেটার মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তারা শিক্ষিত উদ্যোক্তা হয়।
আয়োজনটির পার্টনার ছিল আইসিটি ডিভিশন ও এলআইসিটি।
ইত্তেফাক/জেডএইচডি