দেশে প্রিপেইড মিটার সংযোজনের নতুন কারখানা

প্রতি বছর ৩৯ লাখ প্রিপেইড মিটার সংযোজনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইএমসি)। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কোম্পানি আরপিসিএল এবং চীনের সেনজেন স্টার কোম্পানি যৌথভাবে এই কারখানা স্থাপন করেছে।

কোম্পানিতে আরপিসিএলের ৫১ ভাগ এবং সেনজেন স্টারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। গত ১০ ডিসেম্বর কারখানাটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে কারখানাটির উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মন্ত্রীসভায় বিপিইএমসি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন- এটা শুধু মিটার বানাবে না। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশও বানাবে। আমরা ইতোমধ্যে সরকারিভাবে দুটি সংযোজন কারখানা স্থাপন করেছি। এছাড়া প্রতিযোগিতামূলক দরে মিটার ক্রয়ের ব্যবস্থা রেখেছি।

আরো পড়ুন : 'ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি' 

তিনি বলেন, শুধু মিটার সংযোজন করলেই হবে না। আমরা চাই একটি পুর্ণাঙ্গ কারখানা। এতে দেশে দক্ষ জনবল সৃষ্টি হবে। 
আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সবুর প্রমুখ। 

বিপিইএমসির আগে গত জানুয়ারিতে বিতরণ কোম্পানি ওজোপাডিকো চীনের আরেকটি কোম্পানির সঙ্গে যৌথভাবে দেশে প্রিপেড মিটার উৎপাদন শুরু  করে। সেটি ছিল দেশে প্রিপেইড মিটার উৎপাদনকারী প্রথম কারখানা। 

 

ইত্তেফাক/ইউবি