নগরীর একে খান মোড় সংলগ্ন ভিক্টোরিয়া জুট মিলে গতকাল শুক্রবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুদামকে গ্রাস করে ফেলে। কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ায় মহানগরীর পশ্চিমাকাশ আচ্ছন্ন হয়ে পড়লে মহানগরীবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, ভিক্টোরিয়া জুট মিলে বিকাল ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। জুট মিলের ভাড়া দেওয়া বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। পাহাড়তলী থানার ডিউটি অফিসার জানায়, ঘটনাস্থলে পুলিশের কয়েকটি টিম যায়। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন কি কারণে লেগেছে এব্যাপারে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কাজের তদারকিতে নিয়োজিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জসিম উদ্দিনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ভিক্টোরিয়া জুট মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ৭/৮টি গুদাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রাখা হয়েছে। এসব গুদামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য সাময়িকভাবে মজুদ করে রেখেছে। এসব গুদামেরই একটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ৮টা পর্যন্ত ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর কাজ করছিল একসঙ্গে।