২০২২ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক কাতারের সঙ্গে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। বাকি দল দেশে ফিরলেও থেকে যান অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে কয়েকদিন আগে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। অবশেষে এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেন দেশসেরা এই মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা আক্রান্ত হওয়ার পর বাফুফের অধীনে কাতারেই আইসোলেশনে থাকেন জামাল। সুস্থ হওয়ায় এখন দুই কিংবা তিনদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানা গেছে। মূলত ব্যক্তিগত কিছু কাজ থাকায় বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সাথে বিমানে ওঠেননি তিনি।
২০২১ সালের ৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ভারতের আই লিগ। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল। করোনা আক্রান্ত হওয়ায় প্রথমে সে সুযোগ হাতছাড়া হতে বসেছিল। অবশেষে নেগেটিভ হয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন দেশের এই তারকা ফুটবলার।
ইত্তেফাক/টিআর