বছরের পর বছর বছর একই দলের জার্সি গায়ে দেয়া। সপ্তাহে সপ্তাহে গোল করে দলের জয়ের নায়ক হওয়া। সমর্থকদের খুশির কারণ হওয়া, সমর্থকদের সাথে দুঃখ ভাগ করে নেয়া। এক ক্লাবের ছায়ায়, এক জার্সি গায়ে এই লম্বা হাসি-কান্নার সময় ভাগ করাটা লিওনেল মেসির মতো করে আরেকজন করেছিলেন; তিনি ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলের হয়ে তিন তিনবার বিশ্বকাপ জেতা এই মহারথী এবার নিজে থেকে মেসিকে অভিনন্দন জানালেন তার মাইলফলক স্পর্শ করায়।
অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার, পেলের সান্তোসের জার্সি গায়ে ১৯ মৌসুম জুড়ে করা ৬৪৩টি গোলই ছিল এতোদিন পর্যন্ত এক ক্লাবের হয়ে কোন ফুটবলারের করা সর্বোচ্চ গোল। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৩তম গোল করে সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। নিজের সবচেয়ে অনন্য রেকর্ডটিকে ভাগ বসানোয় একেবারেই অখুশী নন পেলে।
ইন্সটাগ্রামে এক অভিনন্দন বার্তায় তিনি লিখেন, 'হৃদয় যখন ভালোবাসায় পূর্ণ হয়ে যায়, তখন পথ পাল্টানো কঠিন হয়ে যায়। তোমার মতো আমিও জানি একটা জার্সিকে ভালোবেসে প্রতিদিন মাঠে নামতে কেমন লাগে। তোমার মতো আমিও জানি একটা ক্লাবকে নিজের নীড় হিসেবে ভাবার চেয়ে বড় কোন অনুভূতি হয় না। তোমার এই ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন। একটা ক্লাবকে এতো দীর্ঘ সময় ভালোবাসা, আমাদের মতো এইরকম গল্প দুঃখজনকভাবে ধীরে ধীরে আরও কমে আসবে। তোমাকে আমি খুবই পছন্দ করি, লিওনেল মেসি।'
ইত্তেফাক/এসআই