নারায়ণগঞ্জে আবর্জনা থেকে তৈরি শিল্পকর্মের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শিল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের বর্তমান অবস্থা সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘দাগ আর্ট স্টেশন’ এর শিল্পকর্ম নির্মাণ কর্মশালা ও আর্ট প্রদর্শনী শুরু হয়েছে। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ৮ জন নবীন শিক্ষার্থী ও একজন আলোকচিত্রীর পরিচালনায় আলী আহমেদ চুনকা মিলনায়তন ও পাঠাগারে ১২ জানুয়ারি থেকে শুরু হয় প্রদর্শনী কার্যক্রম। গত ১৬ জানুয়ারি থেকে আবর্জনা থেকে সংগৃহীত সরঞ্জাম দিয়ে শিল্পকর্মের মাধ্যমে শহরের বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

কর্মশালা ও প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালনকারী ভিজ্যুয়াল আর্টিস্ট কবির আহমেদ মাসুম চিশতি বলেন, ‘আমরা এমন এক নগর সভ্যতা-ভোগবাদী জীবন যাপন পদ্ধতি গড়ে তুলেছি, যা আমাদের ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে প্রকৃতি থেকে। হাজারটা দূষণ বস্তুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্লাস্টিক বর্জ্যের সাম্রাজ্য। এ এমন এক বস্তু যা শত শত বছরেও মিশবে না মাটির সঙ্গে। এ এমন এক পদার্থ, যার উত্পাদন আজকেই বন্ধ না হলে, এর বর্জ্য ধারণের ক্ষমতা হারাবে পৃথিবী, ধুঁকে ধুঁকে মরবে আমাদের সকল প্রাণ-প্রকৃতি। কার্যক্রমের চতুর্থ দিন পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয় এবং আমাদের ফেলে দেওয়া ময়লা আবর্জনা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়, যা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। মূলত আমাদের শহরের বর্তমান যে অবস্থা তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই এই কার্যক্রম। এতে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আশা করছি আমাদের এই কার্যক্রম সফল হবে এবং আগামীতেও আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।

এ কার্যক্রম সম্পর্কে কবি আরিফ বুলবুল জানান, এই কাজের জন্য আমরা তরুণদের বেছে নিয়েছি। কারণ তারাই পারে সব কিছুর পরিবর্তন আনতে। আসলে আমরা বাস্তব জগতের মধ্যে কাল্পনিক এক জগতে বসবাস করছি, যা গত কয়েকদিনে তরুণ শিল্পীরা বুঝতে পেরেছে। আমরা প্রতিনিয়ত আধুনিকতার নামে বিষ খাচ্ছি, বিষ গ্রহণ করছি। এর থেকে বেরিয়ে আসতে এবং আমাদের পরিবেশকে বাঁচাতে এ ধরনের কার্যক্রম বড় ভূমিকা পালন করবে।