গাজীপুর সদরে সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা

উপজেলা পরিষদ নির্বাচন

এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হলেও বিএনপির মধ্যে নেই

তেমন কোনো তত্পরতা

 মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই গাজীপুর সদর উপজেলায় শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় ও জল্পনা কল্পনা। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এ ঘোষণা শুনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা জোর তত্পরতা শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তদবির ও দৌড়ঝাঁপ। সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে জোর লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হলেও বিএনপির মধ্যে নেই তেমন কোনো তত্পরতা। বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বলে জল্পনা কল্পনা রয়েছে। এদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। ইতোপূর্বে তিনি এ উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদ ও বাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:হাবিবুর রহমান খান, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবু বকর সিদ্দীক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো:জহিরুল ইসলাম খান, ভাওয়াল গড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, পিরুজালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু। অপরদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাস্টার, পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিয়ারত হোসেন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, গাজীপুর সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মৌসুমী রেজা বৃষ্টি, মহিলা আওয়ামী লীগ নেত্রী সঙ্গীতা আলম সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাই কমান্ডের অনুমোদন ক্রমেই প্রার্থীরা মনোনয়ন পাবেন। কোনো প্রার্থী বিদ্রোহী হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ও বাড়িয়া পরিষদ নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত।