সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের রাখাইনে ১৩ বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। গত ৪ জানুয়ারি আরাকান আর্মি’র হামলায় ১৩ পুলিশ সদস্য নিহতের পর সেনা অভিযান শুরু হয়েছে। সু চি’র সরকার আরাকান আর্মিকে গুঁড়িয়ে দিতে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে সেনাবাহিনীকে।
এদিকে মিয়ানমারের রাখাইনে ৩০ গ্রাম প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রথেডং টাউনশিপের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদপত্র মিয়ানমার টাইমসকে বলেছেন, পদত্যাগপত্র জমা পড়েছে। তবে তাদের পদত্যাগের আবেদন মঞ্জুরের কোনো সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।