পরিকল্পনা কমিশন এর কার্যক্রম বিভাগ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে বিজনেস কনটিউনিটি প্ল্যান (বিসিপি) বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বেজা’র আওতাধীন দুইটি অর্থনৈতিক অঞ্চলে বিসিপি পাইলটিং করার জন্য সোমবার এনইসি সভা কক্ষে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন এবং বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ ইফরান শরীফ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বেজা’র যুগ্ম সচিব দয়ানন্দ দেবনাথ ও কার্যক্রম বিভাগ এর যুগ্ম প্রধান ড. নুরুন নাহার, ইউএনডিপি’র প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান ও সংশিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিসিপি এর আওতায় অর্থনৈতিক অঞ্চলে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি নিরূপণ, ঝুঁকি অবহিত বিনিয়োগ উৎসাহিতকরণ, ঝুঁকি নিরূপণ কৌশল নির্ধারণ, দুর্যোগজনিত কারণে ক্ষয়ক্ষতি হ্রাসে আগাম পরিকল্পনা গ্রহণ এবং দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করা হবে। এছাড়া বিসিপি বাস্তবায়নের জন্য গাইডলাইন তৈরি এবং বিসিপি অনুশীলনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ আয়োজন করা হবে।
ইউএনডিপি এর কারিগরি সহায়তায় কার্যক্রম বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম থেকে বিসিপি এর গাইডলাইন তৈরি ও পাইলটিং কাজে কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। এ সমঝোতা চুক্তির আওতায় বিসিপি সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক এর অধীনে বেজা ও কার্যক্রম বিভাগ যৌথভাবে কাজ করবে।
চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত মেঘনা ইকোনমিক জোনে বিসিপি পাইলটিং করা হবে ।
উল্লেখ্য, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগসহ সরকারের চারটি মন্ত্রণালয় ও বিভাগ ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
ইত্তেফাক/এএএম