জাপা সাদাকে সাদা কালোকে কালো বলবে: বাবলা

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে-বাইরে সরকারের গঠনমূলক সমালোচনা করবে জাপা। সাদাকে সাদা ও কালোকে কালো-ই বলবেন জাপার এমপিরা। আমরা  মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে আগামী পাঁচ বছর দেশের চলমান উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারের ভুলত্রুটিগুলো সংসদে তুলে ধরার কাজটি করবো। আমরা চাই সত্যিকারের কার্যকর ও গণমানুষের প্রত্যাশা অনুযায়ী বিরোধী দল হতে। সস্তা জনপ্রিয়তার আশায় ফাইল ছোড়াছুড়ি, ব্যক্তিগত আক্রমণ আর কাদা ছোড়াছুড়ির বিরোধী দল হতে চাই না। গতকাল শুক্রবার রাজধানীর শ্যামপুরের মুন্সীবাড়ী এলাকায় ৫৪ নং ওয়ার্ড জাপা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাবলা এ সব কথা বলেন। শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  জাপার কেন্দ্রীয় নেত্রী সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু, হাজী মাসুদ, জাপা নেতা শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ প্রমুখ।